আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে দুই প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং কক্সবাজারে ছয় প্লাটুন সদস্য রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং জনসমাগমপূর্ণ স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হবে।
এ ছাড়া সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধেও কাজ করবেন বিজিবি সদস্যরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরে মোতায়েন করা সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি প্রস্তুত রয়েছে।
Comments