মধ্যরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ফটকে আগুন
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা সেখানে পলিথিনজাতীয় একটি বস্তুতে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দাড়িয়াপাড়া এলাকার মেঘনা এ/২৪ নম্বর বাসার গলিতে একাধিক আবাসিক ভবন রয়েছে। এর মধ্যে একটি ভবনে বসবাস করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার গভীর রাতে ওই গলির প্রবেশপথের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন ঢাকা পোস্টকে জানান, দুর্বৃত্তরা প্রতিমন্ত্রীর বাসার গলির মূল ফটকে আগুন দিয়েছে। তবে সেখানে কোনো পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি। পলিথিনসদৃশ একটি বস্তুতে আগুন ধরানো হয়েছিল।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Comments