দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার নিরাপত্তা
দেশজুড়ে সাম্প্রতিক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের প্রতিটি বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় বাড়ানো হচ্ছে নজরদারি ও নিরাপত্তা টহল। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনেও কঠোর তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় নিয়মিত টহল বৃদ্ধি, সার্বক্ষণিক নজরদারি এবং যানবাহনে তল্লাশি জোরদারের কথা বলা হয়েছে।
এ ছাড়া বিমানবন্দর থানাকেও বিমানবন্দরসংলগ্ন এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা করে না, সেসব স্থাপনাতেও রাতের বেলায় নিরাপত্তা টহল ও নজরদারি চালু রাখার নির্দেশনা রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের চলমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব উদ্যোগে ক্যামেরা স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিমানবন্দর এলাকায় নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম আরও শক্তিশালী হবে।
Comments