লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় 'অ্যারো-জিনিয়াস' প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখারও কথা রয়েছে তার।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে কিছু সময় অবস্থানের পর জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত 'আলোকিত লালমনিরহাট' শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় অবকাঠামোগত উন্নয়নকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Comments