ইধিকা-কোর্টনির পর এবার কিয়ারা? শাকিবের ‘মোহাব্বাত’ নিয়ে নতুন গুঞ্জন
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা 'মোহাব্বাত'-এ তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। এর মধ্যেই সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর পোস্টের সূত্র ধরে গুঞ্জন উঠেছে, 'মোহাব্বাত'-এ শাকিবের নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন প্রযোজক আরশাদ আদনান। ছবিটির সঙ্গে তিনি শুধু 'নেক্সট' শব্দটি যুক্ত করেন। এরপর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি শাকিব খানের পরবর্তী সিনেমায় দেখা যাবে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে?
জানা গেছে, প্রকাশিত ছবিটি ভারতীয় ফ্যাশন ও বিনোদনবিষয়ক প্ল্যাটফর্ম 'এসকোয়ার ইন্ডিয়া'র একটি ফটোশুটের অংশ। ছবিতে কমলা রঙের পোশাক, রঙিন স্ট্রাইপের টপ এবং 'SOBO PERSON' লেখা বেইজ রঙের ক্যাপে দেখা গেছে কিয়ারাকে।
এর আগে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের যৌথ উদ্যোগে নির্মিত শাকিব খানের 'প্রিয়তমা' ও 'রাজকুমার' সিনেমায় বিদেশি অভিনেত্রীদের দেখা গেছে। 'প্রিয়তমা' সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। অন্যদিকে 'রাজকুমার'-এ শাকিবের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
আগেও শোনা গিয়েছিল, 'মোহাব্বাত'-এ শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তালিকায় ভারত ও পাকিস্তানের কয়েকজন অভিনেত্রীর নাম নিয়েও আলোচনা হয়েছিল।
তবে আরশাদ আদনানের সাম্প্রতিক পোস্টের পর কিয়ারা আদভানিকে ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত সিনেমাটির নায়িকা হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ। শাকিবের বিপরীতে শেষ পর্যন্ত কে থাকছেন, তা জানতে এখন নির্মাতা ও প্রযোজকের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
Comments