বায়ুদূষণে ভয়াবহ পরিস্থিতি, বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা
ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও বিভিন্ন ক্ষতিকর বস্তুকণার কারণে ক্রমেই দূষিত হয়ে উঠছে নগরীর বাতাস। অপরিকল্পিত নগরায়ণ, উন্নয়নকাজ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবও বায়ুদূষণের মাত্রা বাড়িয়ে তুলছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জনস্বাস্থ্যে। এমন পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচকে ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ২৩৯। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, এই স্কোরের বাতাস 'খুবই অস্বাস্থ্যকর' পর্যায়ের।
অন্যদিকে, তালিকায় ২৮৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১২৬টি শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান স্কোর ১৮২। ১৭১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। আর ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো।
আইকিউএয়ারের বায়ুমান সূচক বা একিউআইয়ের মানদণ্ডে শূন্য থেকে ৫০ স্কোরকে 'ভালো' বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান থাকে 'মাঝারি বা সহনীয়' পর্যায়ে। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে তা অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোর হলে 'খুবই অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়। আর ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুর মানকে 'দুর্যোগপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে দূষণের পাঁচটি প্রধান উপাদান বিবেচনায় নেওয়া হয়। এগুলো হলো—বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের নির্গত ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালিকে চিহ্নিত করা হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এসব রোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
Comments