ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সব সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় 'আকভান' উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টির অবস্থান চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা হাওয়ার ক্ষেত্রে এই গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের আশপাশে সাগর উত্তাল রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Comments