ওসমান ফারুকের পর একাধিক এমপির পদত্যাগের গুঞ্জন: যা জানাল বিএনপি
সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির আরও একাধিক মন্ত্রী ও নেতার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই তালিকায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নামও রয়েছে। তবে তার পদত্যাগের খবরকে সম্পূর্ণ 'গুজব ও অপপ্রচার' বলে উড়িয়ে দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, মূলত গুরুতর অসুস্থতার কারণেই তিনি বর্তমানে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকেই বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেছেন কি না, সে বিষয়ে খোঁজ নিচ্ছেন। কিন্তু বাস্তবে এটি একটি দুষ্ট চক্রের ছড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন গুজব।
বরকত উল্লাহ বুলুর শারীরিক অবস্থার বিবরণ দিয়ে শায়রুল কবির খান বলেন, তিনি গত প্রায় এক মাস ধরে দেশের একটি বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে সেখানে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে শায়রুল কবির খান বলেন, ওসমান ফারুক ও তার সহধর্মিণী দুজনেই দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মূলত গুরুতর অসুস্থতার কারণেই তিনি সংসদ সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। এ বিষয়ের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
ফেসবুকে পদত্যাগের গুঞ্জন ও বাস্তব চিত্র: গত ১৭ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ডালপালা মেলতে শুরু করে। ফেসবুকে বিভিন্ন পেজ ও আইডি থেকে দাবি করা হয় যে—লক্ষ্মীপুর সদর-৩ আসনের এমপি ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, ঢাকা-১ আসনের এমপি খন্দকার আবু আশফাকসহ গোপালগঞ্জ ও নোয়াখালীর বেশ কয়েকজন সংসদ সদস্য পদত্যাগ করেছেন।
এমনকি নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবি সংবলিত বেসরকারি টেলিভিশন চ্যানেল 'যমুনা টিভি'-এর লোগোযুক্ত একটি ভুয়া ফটোকার্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়।
তবে অনুসন্ধানে মন্ত্রী ও সংসদ সদস্যদের পদত্যাগের এসব দাবির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি। দায়িত্বশীল কোনো সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো তথ্য প্রচার হয়নি। তাছাড়া যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও বরকত উল্লাহ বুলুর পদত্যাগসংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি।
দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বিএনপি মিডিয়া সেলের বরাতে নিশ্চিত করা হয়েছে যে, বরকত উল্লাহ বুলুর থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে কুচক্রী মহল এই মিথ্যা গুজব রটিয়েছে।
সার্বিক দিক বিবেচনায়, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি সত্য হলেও বাকি মন্ত্রী ও সংসদ সদস্যদের পদত্যাগের দাবিগুলো সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।
Comments