সংসদ ভবনে পঞ্চম অধিবেশনের আগেই সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ
পঞ্চম অধিবেশন শুরু হওয়ার আগেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবস্থা চালুর জোরালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় (মুলতবি) সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম এবং মো. সাইফুল আলম।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সার্বিক পরিকল্পনার ওপর একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। উপস্থাপনায় সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থার পরিধি এবং সৌর প্যানেল বসানোর উপযোগী ফাঁকা ও অব্যবহৃত স্থানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা মিলিয়ে সৌরবিদ্যুতের কাঙ্ক্ষিত উৎপাদনক্ষমতা নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রকল্পের কাজ স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে একটি বিশেষ কারিগরি (স্পেসিফিকেশন) কমিটি গঠনের প্রস্তাব করা হয়। বুয়েট, জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠিত হবে। এছাড়া প্রস্তাবিত প্রকল্পের কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত নানা দিক যাচাই-বাছাই করতে কমিটির তিন সদস্য—লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম এবং মো. সাইফুল আলমের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে।
সভায় ডিপিডিসিকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে প্রণীত কারিগরি স্পেসিফিকেশন জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর ভিত্তিতে পরবর্তী বৈঠকের আগেই দ্রুত দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংসদ সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ডিপিডিসি, গণপূর্ত অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments