টুঙ্গিপাড়ায় পোড়া গাড়ি ও গাছের গুঁড়িতে বন্ধ যান চলাচল, বাজছে ৭ মার্চের ভাষণ
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে পোড়া গাড়ি, গাছের গুঁড়ি, খুঁটি ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে ওই রুটে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ সময় বিভিন্ন স্থানে মাইকযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজাতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর থেকেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড় এলাকায় এই অবরোধ সৃষ্টি করা হয়। সড়কের বিভিন্ন স্থানে পুলিশের পোড়া গাড়ি, গাছের গুঁড়ি, খুঁটি, পুলিশের চেকপোস্টের বক্স ও বাঁশ ফেলে ব্যারিকেড তৈরি করা হয়েছে।
অবরোধকারীদের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাড়ি বা দূরপাল্লার বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। তবে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে রিকশা ও ইজিবাইকগুলো এক পাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে। এদিকে শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে সকাল থেকেই উচ্চস্বরে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অবরোধের এই পরিস্থিতিতে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা তাৎক্ষণিকভাবে চোখে পড়েনি। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, এর আগে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়ায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি সংসদ সদস্যের বাড়িসহ বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া সহিংস এসব ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।
এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই বুধবার সকাল থেকে সড়কে গাছের গুঁড়ি ও ব্যারিকেড ফেলে নতুন করে এই অবরোধ কর্মসূচি শুরু করেন নেতাকর্মীরা।
Comments