পোশাক শ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব সিপিডির
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে 'পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ' শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
সিপিডির হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা এবং একটি ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সংস্থাটি আরও জানায়, পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে কেবল মালিক ও শ্রমিকের দরকষাকষির ওপর নির্ভর না করে জীবনযাত্রার প্রকৃত ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা এবং শিল্পের সক্ষমতার ওপর ভিত্তি করে একটি প্রমাণনির্ভর ও দীর্ঘস্থায়ী পদ্ধতি চালু করা প্রয়োজন।
Comments