রিটার্ন জমার সময় ২২ নভেম্বর পর্যন্ত বাড়াল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর সূত্রে জানা গেছে, ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতা দেখা দেওয়ায় এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার এসংক্রান্ত চিঠি ইস্যু করা হলেও আজ মঙ্গলবার তা আনুষ্ঠানিকভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে ব্যবহারকারীর (কনকারেন্ট ইউজার) সংখ্যা অতিরিক্ত বেড়ে যায়। এর ফলে সার্ভারে জটিলতা সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে করদাতাদের অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিল ব্যাহত হয়। সার্বিক জনস্বার্থ বিবেচনা করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নতুন এই নির্দেশনার আওতায় আগামী ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে। নির্ধারিত এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতাদের ওপর কোনো অতিরিক্ত সুদ বা জরিমানা আরোপ করা হবে না।
Comments