গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ: যান চলাচল বন্ধ, ১০ কারখানায় ছুটি
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এই শ্রমিক অসন্তোষের মুখে নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনা করে শিল্পাঞ্চলের ১০টি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরেজমিন তথ্যে জানা যায়, নির্ধারিত সময়ে কাজে যোগ না দিয়ে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ছয়দানা ও হাড়িকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজট তৈরি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নিটওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবনীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকরা কাজ বন্ধ করে নিজ নিজ উৎপাদন ফ্লোরে অবস্থান নিয়েছেন। এছাড়া বাঘের বাজার এলাকার জেএল পোশাক কারখানা কর্তৃপক্ষ সকাল ১০টার দিকে কারখানার ছুটি ঘোষণা করে। অপরদিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে মোট ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
Comments