১৭৮ ওয়েবসাইটে সাইবার হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরাও
বিশ্বের ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর কোড ছড়িয়ে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। আক্রান্ত ওয়েবসাইটের তালিকায় রয়েছে ভিডিও যোগাযোগের প্ল্যাটফর্ম জুম, ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি, সংবাদমাধ্যম সিএনএন, সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্স, খুচরা বিক্রেতা আইকেইএ এবং ঋণ তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইকুইফ্যাক্স।
সাইবার নিরাপত্তা গবেষকদের তথ্য অনুযায়ী, এসব ওয়েবসাইটে প্রবেশকারী ব্যবহারকারীদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি, ক্রেডিট কার্ডের তথ্য ও ব্যক্তিগত তথ্য চুরির উদ্দেশ্যে হামলার পরিকল্পনা করা হয়। এমনকি আইফোন ব্যবহারকারীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল। সোমবার সাইবার নিরাপত্তা গবেষক স্কট হেলমে এ হামলার বিষয়টি প্রকাশ করেন।
তার অনুসন্ধানে দেখা যায়, ওয়েবসাইটের কার্যকারিতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার প্রযুক্তি প্ল্যাটফর্ম অপটিমাইজেলির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করা হয়েছিল। এই প্রোগ্রামিং ভাষা সাধারণত ওয়েবসাইটের বিভিন্ন ফিচার ও ইন্টারঅ্যাকটিভ সুবিধা পরিচালনায় ব্যবহৃত হয়। হ্যাকাররা সেই ব্যবস্থার অপব্যবহার করে ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রমের আড়ালে ক্ষতিকর কোড ছড়িয়ে দেয়।
গবেষকদের মতে, এসব কোডের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় ব্যবহারকারীর দেওয়া ওয়ালেট ঠিকানা পরিবর্তন করে হ্যাকারদের নিয়ন্ত্রণাধীন ঠিকানা বসিয়ে দেওয়ার ব্যবস্থা ছিল। ফলে ব্যবহারকারী বুঝতে না পেরে নিজের ডিজিটাল মুদ্রা অন্যের ওয়ালেটে পাঠিয়ে দিতে পারেন।
এ ছাড়া অনলাইনে কেনাকাটার সময় ক্রেডিট কার্ডের নম্বর সংগ্রহ, ব্রাউজারের কুকি চুরি এবং ব্যবহারকারীর পর্দার ছবি ধারণের সক্ষমতাও ছিল ক্ষতিকর কোডে। ব্রাউজারের কুকিতে অনেক সময় লগইন ও সেশনসংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকে। এসব তথ্য চুরি হলে ব্যবহারকারীর বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।
এই হামলার আরেকটি উদ্বেগজনক দিক হলো, ক্ষতিকর কোডে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমচালিত আইফোনে আক্রমণের জন্য এক্সপ্লয়েট কোডও যুক্ত করা হয়েছিল। অর্থাৎ আক্রান্ত ওয়েবসাইটে প্রবেশকারী আইফোন ব্যবহারকারীরাও সম্ভাব্য ঝুঁকির মধ্যে ছিলেন।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হাডসনরকও তাদের অনুসন্ধানে আক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে দর্শনার্থীদের কাছে ক্ষতিকর কোড পৌঁছানোর প্রমাণ পেয়েছে। তবে এসব কোড ব্যবহার করে কতজনের তথ্য চুরি হয়েছে বা আইফোনে সফলভাবে হামলা চালানো সম্ভব হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য দিতে পারেনি বার্তা সংস্থা রয়টার্সও।
তদন্তে সেলসফোর্স ও ইকুইফ্যাক্স
ঘটনার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শুরু করেছে। সেলসফোর্স জানিয়েছে, তাদের অপটিমাইজেলি স্ক্রিপ্টে অননুমোদিত পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট স্ক্রিপ্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে ইকুইফ্যাক্সও বিষয়টি তদন্ত করেছে এবং অপটিমাইজেলির ব্যবহার বন্ধ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের নিজস্ব ব্যবস্থায় অনুপ্রবেশ কিংবা নিরাপত্তা লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে অপটিমাইজেলি, অ্যাপল, জুম, এইচএসবিসি, সিএনএন ও আইকেইএর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তৃতীয় পক্ষের সফটওয়্যার থেকে যেভাবে ঝুঁকি তৈরি হয়
বর্তমানে ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন তৃতীয় পক্ষের প্রযুক্তি ও সফটওয়্যারের ওপর নির্ভর করতে হয়। বিজ্ঞাপন প্রদর্শন, ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ, ওয়েবসাইটের নকশা পরিবর্তন কিংবা বিভিন্ন অনলাইন সুবিধা চালু রাখতে এসব সেবা ব্যবহার করা হয়।
তবে এসব প্রযুক্তির কোনো একটিতে নিরাপত্তা দুর্বলতা তৈরি হলে তার প্রভাব একসঙ্গে অনেক ওয়েবসাইটে ছড়িয়ে পড়তে পারে। মূল ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকলেও তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যার আক্রান্ত হলে ব্যবহারকারীদের তথ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকে।
সাম্প্রতিক ঘটনাটি সেই ঝুঁকির বিষয়টিই সামনে এনেছে। একটি প্রযুক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর কোড পৌঁছে দেওয়ার ঘটনা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, পরিচিত ও বিশ্বস্ত ওয়েবসাইট ব্যবহার করলেই যে সব সময় নিরাপদ থাকা যাবে, এমন নিশ্চয়তা নেই। কারণ, ওই ওয়েবসাইটে যুক্ত অন্য কোনো সেবার নিরাপত্তা দুর্বলতা থেকেও ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তবে এই হামলায় ঠিক কতজন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে, কিংবা আইফোনে সফলভাবে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানো হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষ হলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যেতে পারে।
তথ্যসূত্র: বিজনেসওয়ার্ল্ডলাইন
Comments