গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, কালবেলার সাংবাদিক আহত
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হয়েছেন 'কালবেলা' পত্রিকার সাংবাদিক মামুন হোসাইন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসাাই সড়ক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে তারা সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একপর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন সাংবাদিক মামুন হোসাইন।
আহত সাংবাদিক মামুন হোসাইনের অভিযোগ, তিনিসহ ঢাকা থেকে যাওয়া আরও কয়েকজন সাংবাদিক একটি গলির ভেতর অবস্থান করছিলেন। পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তাঁর পায়ে গুরুতর জখম হয়। এ ছাড়া সাউন্ড গ্রেনেডের বিকট শব্দের কারণে তাঁর কানেও মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Comments