একজন সদা হাস্যোজ্জ্বল মানুষ
মোঃ নাজির এবং আমেনা বেগমের কোল আলোকিত করা সাত সন্তানের মধ্যে সর্বপ্রথম আগমন ঘটেছিল তাঁর, আজ থেকে প্রায় ষাটোর্ধ বছর আগে। ১৯৭২ সালের দিকে, চট্টগ্রামের শেখ শাহ কলোনিতে জাগরণী সংঘের আয়োজনে প্রদর্শিত হওয়া 'দায়ী কে?' (১৮.১২.১৯৭২) নাটক দিয়ে সর্বপ্রথম দর্শকদের সামনে উপস্থিত হয়েছিল সেদিনকার স্কুলপড়ুয়া ছেলেটি। অভিনয়ের ভালোবাসায় পড়ে যাওয়া সেই সময় থেকেই।
১৯৮০ সালের দিকে 'প্রতিনিধি নাট্য সম্প্রদায়'-এর 'অবাক রাজার অবাক কাণ্ড' দিয়ে গ্রুপ থিয়েটার নাট্যচর্চায় হাতেখড়ি হয়ে গেল তাঁর। সেই যাত্রা অব্যাহত ছিল 'শব্দ নাট্যচর্চা কেন্দ্র'-এর মঞ্চ প্রযোজনা 'ক্যাম্প'-এর মধ্য দিয়ে।চট্টগ্রামের অন্যতম নাট্য সংগঠন 'প্রতিনিধি নাট্য সম্প্রদায়'-এর জন্মকাল থেকে তিনি রয়ে গিয়েছিলেন অক্লান্ত নাট্যকর্মী হিসেবে। পাশাপাশি মুক্তমনা নাট্যকর্মী হিসেবে কাজ করে যাচ্ছিলেন আরও অনেক নাট্য সংগঠনের সঙ্গে।
অভিনয়শিল্পী হিসেবে সুখ্যাতি অর্জন করলেও তিনি মেকআপ আর্টিস্ট হিসেবেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন।
১৯৯৬ সালের দিকে তাঁকে প্রথমবারের মতো ক্যামেরায় দেখা গেছে চট্টগ্রাম থেকে নির্মিত প্রথম টেলিনাটক 'অয়নের জবানবন্দি' নাটকে। এই নাটকটির নাট্যকার ছিলেন প্রদীপ দেওয়ানজী এবং পরিচালক ছিলেন এদেশের প্রয়াত গুণী নির্মাতা আবদুল্লাহ আল মামুন। সেই থেকে শুরু করে ক্যামেরার সম্মুখে তাঁর প্রতিনিয়ত উপস্থিতি চলছেই। তাঁকে দেখা গিয়েছে ২০১৮ সালে নির্মিত টেলিনাটক 'অপেক্ষার শেষে'। তার সাথে অভিনয়কালীন এক আড্ডায় তাকে হুমায়ূন ফরিদী সেই নব্বইয়ের দশকেই বলেছিলেন ঢাকা চলে যেতে। কিন্তু পরিবারের কথা ভেবে তিনি ঐ সময় ঢাকা যাওয়ার সুযোগ থাকার পরেও রয়ে গিয়েছিলেন চট্টগ্রামে।
চলচ্চিত্রের মতো বড় ক্যানভাসেও তাঁর সবল পদচারণা দেখা গেছে। নির্মাতা ওয়াহিদ তারেক নির্মিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দিয়ে তাঁর এই যাত্রা শুরু হলেও, ২০১৭ সালে তাঁকে দেখা গেছে নির্মাতা তৌকীর আহমেদ-এর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'হালদা'তে। আবার থিয়েটারের প্রতি কমিটমেনটের জায়গা থেকে শিডিউল জটিলতা হচ্ছিল দেখে তিনি 'ন ডরাই' সিনেমার চরিত্র ছেড়ে দিয়েছিলেন। তাঁকে যথারীতি রেডিও নাটক এবং বিজ্ঞাপনচিত্রেও খুঁজে পাওয়া যাচ্ছিল নিয়মিত বিরতিতে। বিশেষ করে ট্রাস্ট ব্যাংকের টি-ক্যাশ বিজ্ঞাপনচিত্রে তাঁর হাস্যোজ্জ্বল চেহারা নজর কেড়েছে অনেকেরই। এছাড়াও রেদওয়ান রনি পরিচালিত রবির বিজ্ঞাপনচিত্রে, নৌবাহিনীর অদম্য বিজ্ঞাপন চিত্রে মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় কাজ করেছেন তিনি।
আনজুমান আরার সঙ্গে তাঁর সুখের সংসারের আলো হিসেবে রেখে গেছেন দুই সন্তান শামা তাহসিন নূর ও শামা তাজমীন নূর। এই তিনটি মানুষের প্রাণ উজাড় করা ভালোবাসা, ত্যাগ ও সমর্থনই তার পথ চলার মূল শক্তি হয়ে বরাবরই পাশে ছিল ছায়ার মতো।
জীবনের শেষ দিনেও অভিনয় জগতের সঙ্গে লেগে থাকতে চাওয়া এই মানুষটির মৃত্যু ঘটেছিল শুটিং এর মধ্যেই। পরিচয় এতক্ষণে অনেকেই হয়তোবা ধারণা করে নিয়েছেন।
'দৃশ্যছায়া' ২০১০ সালে মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র 'একটি ভিডিও ক্লিপ'-এর চিত্রধারণের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও, আনুষ্ঠানিকভাবে ২০১১ সালের ৩০ জুন পথ চলা শুরু করে। ২০১২ সালে 'ধামাচাপা'তে অভিনয়ের মাধ্যমে 'দৃশ্যছায়া' এই গুণী অভিনয়শিল্পীর সঙ্গে কাজ শুরু করে। একে একে ২০১৪ সালে 'অনাকাঙ্ক্ষিত', 'দগ্ধা' (মেকআপ আর্টিস্ট হিসেবে), 'আজ নিশাতের ...!' এই স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্রগুলোতে কাজ করেন তিনি।
তবে ২০১৬ সালে মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র 'পতাকা'র অন্যতম কেন্দ্রীয় চরিত্র বাঁশি দাদুর ভূমিকায় কাজ করে তিনি অভিনেতা হিসেবে নিজের পরিতৃপ্তির কথা উল্লেখ করেন। তাঁকে ২০১৮ সালে 'দৃশ্যছায়া'র শর্ট ডকু ফিকশন-এ অভিনয় করতে দেখা গেছে। পাশাপাশি মেকআপ আর্টিস্ট এবং যৌথ কস্টিউম ডিজাইনার হিসেবে শৈল্পিক দায়িত্ব পালন করেছেন। সবমিলিয়ে 'দৃশ্যছায়া' পরিবারের অন্যতম একটি প্রিয় এবং সক্রিয় মুখ শাহিনুর সরোয়ার। তাঁকে 'চট্টগ্রাম ইন্ডি ফিল্ম ফেস্ট ২০১৮'-এর আয়োজনে আমরা 'দৃশ্যছায়া'স বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড' প্রদান করার মাধ্যমে নিজেরাই সম্মানিত বোধ করেছিলাম। তাঁকে সহায়ক শক্তি হিসেবে পেয়ে 'দৃশ্যছায়া' প্রতিনিয়ত উপকৃত হয়েছিল এবং আমাদের প্রথম ফিচার লেংথ ফিল্মের অন্যতম মুখ্য চরিত্র ছিলেন শাহিনূর সরোয়ার। সময়টা ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে থমকে গেছে। প্রথম দেখেছিলাম সম্ভবত ফেইমের কোন প্রোডাকশনে মেকআপ করতে। পরে স্বীয় আলোর খোঁজে নাট্য পরিবার এর ভাবমূর্তি নাটকের মেকআপ করার মধ্য দিয়ে, নাহ আমরা সম্ভবত ২০০৮ সালের বিজয় দিবসে বিজয় শোভাযাত্রা এবং পথনাটক নিয়মিত ভাবে শুরু করি। সেই সময় উনার মেকআপ সর্বপ্রথম কাজে লাগানো হয়।
এরপর টানা চৌদ্দ বছর ধরে টানা আলোর খোঁজে নাট্য পরিবার এবং দৃশ্যছায়া পরিবার এমন কোন প্রোডাকশন করেনি যেটার সামনে পিছনে এই গুণী শিল্পী ছিলেন না। বিশেষ করে বিয়ের গায়ে হ্লুদে ছদ্মবেশে কনে বাড়ি যাওয়ার জন্য মেকআপ, রোজায় ইফতার করতে বাসায় যাওয়া, পাহাড়ে শুটিং করতে গিয়ে একসাথে রুম মেট হওয়া সব মিলিয়ে সম্পর্কটা ভিতরে অনেক গভীরে পৌঁছে গিয়েছিল। নাটকের এ পাড়া ও পাড়া দুই পাড়ায় সমান ভাবে সম্মান পাওয়া এবং প্রকৃত অজাতশত্রু উনাকেই দেখতাম একমাত্র শিল্পটাকেই পরিপূর্ণ ভাবে উদযাপন ও ধারণ করতেন। শেষ ৩০/৩৫ বছর আমার মনে হয় না এমন কোন নাট্যকর্মী আছেন চট্টগ্রামে যার রূপসজ্জা শাহিনূর ভাই করেন নাই।
অনেকগুলো নাটকের চলমান প্রদর্শনীর পরিচিত মুখ ছিলেন শাহিনূর ভাই তার অভিনয় দক্ষতার কারণে। কমার্শিয়াল থিয়েটার, গ্রুপ থিয়েটার, যাত্রা, রেডিও, টেলিভিশন, সিনেমা কোনটাই বাদ ছিল না তার। নিঃস্বার্থ এই মানুষটা নীরবে খালি দিয়েই গেছেন এই স্বার্থপর অঙ্গনটাকে। খুব দুঃখের সাথে দেখলাম উনার মৃত্যু পরবর্তী সময়ে অহেতুক কিছু আলটপকা মন্তব্যকারী ঐ সময়কার ট্রমাটিক সময়ে সময়টাকে আরও বিষিয়ে তুলেছিল। কিন্তু মাত্র ৩৬৫ দিন পর স্মরণ সভায় তাদেরকে কোথাও খুঁজে পেলাম না। অবশ্য কলকাত্তা কা বাবু মশাইয়ের জ্ঞানগর্ভ বাতচিতের আসর ছিল ঐদিন। মৃত বেক্তি নিয়ে হা পিত্যেশ করা শুরুর কয়েকটা দিনই ছিল জাস্ট। মৃত্যু পরবর্তী তাৎক্ষণিক এক স্মরণ সভায় পিছনে বসে নানান জ্ঞানী গুণীর মোলায়েম বাক্যালাপ শুনছিলাম ট্রমাটিক বিদ্ধস্ত মনে। বের হয়ে যাচ্ছিলাম নীরবেই আলাপচারিতা শেষে। হুদাই এক আয়োজক কাঁচা ক্ষতে রক্ত ক্ষরণ করালো। বুঝোই তো সবাইকে বলতে দিতে হচ্ছে, তাই সময় পাওয়া গেলো না, তোমাকে কিছু বলতে দেওয়ার ! ওরে বুল শিট, আমার সবার সামনে গ্যাঁজানোর দরকার নাই। শেষ দিনটা, শেষ সপ্তাহ, শেষ মাসটা একান্ত আমার, আমাদের টিমের। শুটিং এর রুমমেট ছিলাম। স্টিল নাউ আমরা কয়েকজন মানসিক ভাবে সুস্থ না পুরোপুরি। আরেকজন তো বিপদের সময় তো সটকে পড়া পাবলিক, ফেসবুকে বিশিষ্ট বোদ্ধা সুল্ভ পোস্ট দিয়ে দিয়ে আরও জল ঘোলা করেছিলেন। ভালো অভিনয় শিল্পী হওয়ার থেকে গুরুত্বপূর্ণ ভালো মানুষ হয়ে উঠা। সময়ে বুঝা যায়,কে আসলে প্রকৃত মানুষ। ভালো অভিনেতা অনেকেই আছেন কিংবা হবেন, কিন্তু প্রকৃত ভালো মানুষগুলো খুব বেশি দিন থাকেন না এই পৃথিবীতে।
দৃশ্যছায়া ত্রিশূল নিয়ে এগোবার আগেই ত্রিফলা (রুমেল,শান্তুনুদা,শাহিনূর ভাইকে) হারিয়ে ফেলে একটু দমে গেছে ঠিকই। কিন্তু আমরা থেমে নেই। কান ঝালাপালা করে ফেলা হচ্ছে উখিনু রিলিজ কবে? কিন্তু মূল কাহিনীর অনেকাংশ জুড়ে যে মানুষটা ছিল তার ফুটেজ না ফেলে নতুন করে গল্প সাজিয়ে শুট শেষ করা, তার ফুটেজগুলো কাটার সময় ইমোশনাল ব্রেক ডাউন সব কিছু সামলে মেন্তাল ক্রাইসিস পিরিয়ড রিকভার করাটা খুব দরকার। ঐ সময় কাউকেই পাই নাই। কাছের মানুষগুলোর আচরণ আরও বেশি প্যাথেটিক ছিল। তবে এক শুক্রবার নাসির ভাইয়ের হঠাৎ কল এবং কিছু সময় একসাথে কাটানো ঐসময় একটু ব্রিদিং স্পেস দিয়েছিল। কাজে মনোযোগ আনতে লম্বা সময় লেগে গিয়েছিল। ফ্ল্যাট স্টোরিস টিম বিলড আপের মধ্য দিয়ে ক্ষত কিছুটা শুকিয়ে আনলেও, আনুসাংগিক জটিলতা অনেক আছে। তবে একজন সদা হাস্যোজ্জ্বল মানুষ শাহিনূর সরোয়ারকে এটুকুই বলতে চাই অন্যদের মতো দশকের পর দশক স্মৃতি না থাকলেও ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত ১৪ বছরের স্মৃতিটুকুর জন্য ধন্যবাদ। দৃশ্যছায়া যতদিন থাকবে, আপনি আমাদের সাথেই ছিলেন, আছেন, থাকবেন।
কর্ম তৎপর শাহিনূর সরোয়ার
সিনেমা
১। হালদা (২০১৭; তউকির আহমেদ পরিচালিত)
২। বলি (ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত)
৩। উখিনু (সর্বশেষ কাজ মৃত্যুর আগে; ইফতেখার আহমদ সায়মন পরিচালিত)
শর্ট ফিল্ম
১। ফান (রফিকুল আনোয়ার রাসেল পরিচালিত)
২। স্বপ্নের শিখরে হলুদ কোলাজ (২০১৩; মোরশেদ হিমাদ্রি হিমু পরিচালিত)
৩। ধামাচাপা (২০১২; ইফতেখার আহমদ সায়মন পরিচালিত)
৪। অনাকাঙ্ক্ষিত ২০১৪; ; ইফতেখার আহমদ সায়মন পরিচালিত)
৫। আজ নিশাতের …! (২০১৪; ইফতেখার আহমদ সায়মন পরিচালিত)
৬। তাড়া (২০১৪; মোরশেদ হিমাদ্রি হিমু পরিচালিত)
৭। পতাকা (২০১৬; ইফতেখার আহমদ সায়মন পরিচালিত)
৮। ? (২০১৮; ইফতেখার আহমদ সায়মন পরিচালিত)
৯। একটি খুনের বিবরণ (২০২৩; মোরশেদ হিমাদ্রি হিমু পরিচালিত)
১০। হ্যাভেন (২০২০; মারসেলিন কুইয়াহ পরিচালিত)
টেলিফিল্ম 2ND APRIL এ অভিনয় করেছেন। ২০১৬ কি ২০১৭ সালের দিকে।
টেলিফিল্ম অত:পর দুজন এ অভিনায় করেছিলেন। ২০১৭ কি ২০১৮ সালের দিকে।
টেলিফিল্ম জান্নাত এ অভিনয় করেছিলেন। উখিনু শুটিং এর কিছুদিন আগে।
নির্দেশনা
বাড়িভাড়া (২০২০)
অভিনীত নাটক
প্রতিনিধি নাট্য সম্প্রদায়
(১) আসবে সুঠাম সময় (১৯৮০)
(২) অবাক রাজার অবাক কাণ্ড (১৯৮০)
(৩) রাকস (১৯৮৭)
(৪) পাগলা ঘোড়া (১৯৯৬)
(৫) দুই বিঘা জমি (১৯৯৯)
শব্দ নাট্য চর্চা কেন্দ্র
১। নানকার পালা (২০০১)
২। ছায়াবৃতা (২০০২)
৩। ট্রাংক রহস্য (২০১০)
৪। দর্পণ সাক্ষী (২০১০)
৫। রাইফেল (২০১১)
৬। ইনফরমার (২০১৪)
৭। চম্পাবতী (২০১৭)
৮। ক্যাম্প (২০১৯)
৯। কী চাহ শঙ্খচিল (২০২২)
ইষ্টিকুটুম
১। মন ভালো চশমা (২০০৩)
নান্দীমুখ
১। দূর রজনীর স্বপন (১৯৯৯)
২। বেলা শেষের গল্প (২০০৪)
৩। ঊর্ণাজাল (২০০৯)
৪। তবুও মানুষ (২০১৩)
শিল্পকলা একাডেমী রেপার্টরি
১। সূর্যসেন
২। বধ্যভূমি
৩। কানার হাটবাজার
৪। মেহেরজান
৫।রাজনীতির কবি
৬। সোহরাব-রুস্তম (যাত্রা)
পথিক
১। অনশন (২০০২)
নাট্যাধার
১। কালবোধন (২০০৯)
২। বাংলার মহানায়ক (২০১৭)
গণায়ন নাট্য সম্প্রদায়
১। মুক্তধারা (২০১১)
নাট্যমঞ্চ রেপার্টরি
১। আলো নিরুত্তর (২০১৯)
নির্দেশিত নাটক
প্রতিনিধি নাট্য সম্প্রদায়
১। স্বাধীনতা আমার স্বাধীনতা (১৯৮৬)
২। রাকস (১৯৮৭)
নান্দীমুখ
১। খেঁকশিয়াল
আবাহন (শেরশাহ কলোনি)
১। বিপ্রলদ্ধ (উপদেষ্টা নির্দেশক ১৯৯৮)
নাট্যমঞ্চ রেপার্টরি
১। আলো নিরুত্তর (সহকারী নির্দেশক ২০১৯)
Comments