এনবিআরের রেকর্ড ভ্যাট আদায়, অক্টোবরে প্রবৃদ্ধি সাড়ে ৩৪ শতাংশ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট) চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে। এ মাসে মোট ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আহরিত হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে ইউনিটটির সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড।
এলটিইউ ভ্যাটের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই মাসের তুলনায় চলতি অক্টোবরে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। শতকরা হিসেবে এটি ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধির শক্তিশালী প্রতিফলন। ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। অক্টোবর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কিছুটা কম হলেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এর আগের মাসগুলোতে ৩০ শতাংশের বেশি ঋণাত্মক প্রবৃদ্ধির ধারা লক্ষ্য করা গেলেও অক্টোবর মাসে ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন এলটিইউ ভ্যাটের রাজস্ব আহরণে একটি বড় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিনের শ্লথগতি কাটিয়ে রাজস্ব আদায়ে গতি ফিরে এসেছে।
এলটিইউ ভ্যাটের পরিসংখ্যান অনুযায়ী, বিগত কয়েক অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায়ের চিত্র দেখলে এই অগ্রগতির বড় চিত্রটি স্পষ্ট হয়:
২০২২-২৩ অর্থবছর: ৩,৭৪৬ কোটি ২৫ লাখ টাকা
২০২৩-২৪ অর্থবছর: ৫,২৫২ কোটি ৮১ লাখ টাকা
২০২৪-২৫ অর্থবছর: ৫,৫৯১ কোটি ৩ লাখ টাকা
২০২৫-২৬ অর্থবছর: ৬,৩৪০ কোটি ৫৭ লাখ টাকা
২০২৬-২৭ অর্থবছর: ৮,৫২৬ কোটি ২৯ লাখ টাকা
ধারাবাহিক এই পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে, যা দেশের সার্বিক রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে একটি বড় স্বস্তির খবর।
Comments