সকালে ঘুম থেকে উঠেই মুখে তেতো স্বাদ? হতে পারে যে রোগের লক্ষণ
সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই মুখে তেতো বা টক স্বাদ অনুভব করেন। কারও কারও ক্ষেত্রে এর সঙ্গে মুখে দুর্গন্ধও দেখা দেয়। অনেকে বিষয়টিকে সাধারণ সমস্যা মনে করে গুরুত্ব দেন না। আবার কেউ কেউ মনে করেন, দাঁত বা জিহ্বায় জমে থাকা ব্যাকটেরিয়ার কারণেই এমন হচ্ছে। তবে চিকিৎসকদের মতে, এর পেছনে থাকতে পারে অ্যাসিড রিফ্লাক্স বা হজমের সমস্যা।
বিশেষ করে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি (GERD) থাকলে সকালে মুখে টক বা তেতো স্বাদ হতে পারে।
কেন সকালে মুখে তেতো বা টক স্বাদ হয়?
চিকিৎসকদের মতে, ঘুমের মধ্যেও শরীরের হজমপ্রক্রিয়া চলতে থাকে। তবে এ সময় লালারস তৈরি এবং বারবার ঢোক গেলার প্রবণতা কমে যায়। ফলে পাকস্থলীর অ্যাসিড সহজে নিচে নেমে যেতে পারে না। কখনো সেই অ্যাসিড বা পিত্তরস খাদ্যনালি বেয়ে ওপরের দিকে উঠে আসে। এমনকি মুখ পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণেই সকালে ঘুম থেকে ওঠার পর মুখে টক বা তেতো স্বাদ অনুভূত হয়।
কাদের ক্ষেত্রে এ সমস্যা বেশি দেখা যায়?
যাঁরা রাতে অতিরিক্ত খাবার খান অথবা খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়েন, তাঁদের মধ্যে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বেশি হতে পারে। এ ছাড়া রাতে ঘুমানোর আগে অতিরিক্ত ঝাল, তেলযুক্ত ও চর্বিজাতীয় খাবার খেলেও এ সমস্যা বাড়তে পারে।
অ্যাসিড রিফ্লাক্স ছাড়াও যেসব কারণে মুখ তেতো হতে পারে
শুধু পাকস্থলীর সমস্যাই নয়, আরও কয়েকটি কারণে সকালে মুখে তেতো স্বাদ হতে পারে।
- দাঁত ও মুখের সমস্যা: দাঁত ও মাড়ির সংক্রমণ, দাঁতের ক্ষয়, জিহ্বায় ময়লা জমা এবং মুখের অপরিচ্ছন্নতা ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়। এতে মুখের স্বাদ বদলে যেতে পারে।
- পানিশূন্যতা: শরীরে পানির ঘাটতি হলে মুখ শুকিয়ে যায়। বিশেষ করে ঘুমের সময় মুখ শুকিয়ে গেলে সকালে তেতো স্বাদ বেশি অনুভূত হতে পারে।
- ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: কিছু অ্যান্টিবায়োটিক, অ্যালার্জির ওষুধ এবং উচ্চ রক্তচাপের ওষুধ মুখের স্বাদ পরিবর্তন করতে পারে। কিছু ওষুধ লালারস তৈরিও কমিয়ে দেয়।
- নাক ও গলার সমস্যা: সাইনাসের সংক্রমণ, অ্যালার্জি কিংবা নাক থেকে গলার পেছনে শ্লেষ্মা জমার কারণে মুখে অস্বস্তিকর স্বাদ তৈরি হতে পারে।
মুখের তেতো স্বাদ কমাতে কী করবেন?
সকালে মাঝেমধ্যে মুখে তেতো বা টক স্বাদ হলে দৈনন্দিন কিছু অভ্যাসে পরিবর্তন আনতে পারেন।
1. ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন।
2. রাতে চা-কফি, অ্যালকোহল ও তামাকজাতীয় পণ্য এড়িয়ে চলুন।
3. যেসব খাবার খেলে অ্যাসিডিটি বাড়ে, সেগুলো কমিয়ে দিন।
4. সারা দিন পর্যাপ্ত পানি পান করুন।
5. প্রতিদিন অন্তত দুবার দাঁত মাজুন এবং নিয়মিত জিহ্বা পরিষ্কার করুন।
6. খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না।
7. ঘন ঘন অ্যাসিড রিফ্লাক্স হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঘুমানোর সময় বিছানার মাথার দিক কিছুটা উঁচু করে রাখতে পারেন।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
সকালে মুখে তেতো বা টক স্বাদ মাঝেমধ্যে হলে সাধারণত জীবনযাপনের পরিবর্তনে উপকার পাওয়া যেতে পারে। তবে কিছু লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। যেমন—
- কয়েক সপ্তাহ ধরে মুখে তেতো স্বাদ থাকা।
- ঘন ঘন বুকজ্বালা হওয়া।
- খাবার বা টক তরল গলায় উঠে আসা।
- খাবার গিলতে অসুবিধা হওয়া।
- দীর্ঘদিন বমি বমি ভাব থাকা।
- পেটে অস্বস্তি বা ব্যথা হওয়া।
- কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া।
এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ, মুখে তেতো স্বাদ সাধারণ সমস্যা মনে হলেও কখনো কখনো এটি হজমতন্ত্রের জটিলতার ইঙ্গিত দিতে পারে।
Comments