বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং রাতের মধ্যে এটি নিম্নচাপে রুপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে 'আকভান'। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি।
এছাড়াও শনিবার (১৪ নভেম্বর) জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হতে পারে।
আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, গভীর লঘুচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কোন দিকে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Comments