শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে এসপি গ্রেপ্তার
আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিলেন। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে সরবরাহ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী। মামলাটি দায়েরের পর পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা সিএমপি অফিসার্স মেসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলা হওয়ার পরপরই পুলিশের একটি দল এসআরইউ সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর থেকে ওই কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছেন।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। এ সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক ব্যবহারের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
পরদিন ১১ নভেম্বর তাকে আটকের খবর ছড়িয়ে পড়লেও তখন বিষয়টি নাকচ করেছিলেন ডিআইজি। তিনি জানিয়েছিলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
Comments