ভৌতিক বিলের ঘটনা ঘটলে সরকার ব্যবস্থা নেবে: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুতের ভৌতিক বা অতিরিক্ত বিলের বিড়ম্বনা রোধে দেশজুড়ে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। কোথাও ভৌতিক বিল দেওয়ার মতো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার অযৌক্তিকভাবে বারবার গ্যাসের দাম বাড়ায়নি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকালীন পরিস্থিতির কারণে চড়া মূল্যে গ্যাস আমদানির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখেই তেল ও গ্যাসের দাম সমন্বয় করতে হয় উল্লেখ করে তিনি জানান, গত আট মাসেই সরকার এ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
এদিকে একই অধিবেশনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী বা সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচার চালানো ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করেছে 'বাংলা ফ্যাক্ট'। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও চরিত্রহনন রোধে এই প্ল্যাটফর্মটি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
Comments