সিঙ্গারা না পেয়ে এপিক হেলথ কেয়ারের ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
চট্টগ্রামের শীর্ষস্থানীয় বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র 'এপিক হেলথ কেয়ার' এ সিঙ্গারা না পাওয়ার জেরে এক ক্যান্টিন কর্মীর ওপর পৈশাচিক কায়দায় হামলা চালানোর অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ক্ষিপ্ত হয়ে ওই চিকিৎসক ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের ভেতরে নারী কর্মীদের সামনেই ঘটে যাওয়া এই ন্যক্কারজনক ঘটনায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ওই ক্যান্টিন কর্মীর নাম মো. কাইয়ুম (৩১)। আর অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. জাস্টিন ক্লাম্প, যিনি এপিক হেলথ কেয়ারে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করে থাকেন। মঙ্গলবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা যায়, ডা. জাস্টিন ক্লাম্প প্রায় প্রতিদিনই ক্যান্টিন থেকে সিঙ্গারা খেয়ে থাকেন। ঘটনার দিন দুপুরের দিকে ক্যান্টিনে গিয়ে তিনি সিঙ্গারা দেখতে পাননি। সিঙ্গারা না পেয়ে তিনি চরম ক্ষুব্ধ হন এবং ক্যান্টিন কর্মী কাইয়ুমকে ডেকে পাঠান। কাইয়ুম তাঁর সামনে যাওয়া মাত্রই চিকিৎসক ক্ষিপ্ত হয়ে তাঁর প্যান্টের জিপার খুলে ফেলেন এবং নারী কর্মীদের সামনেই তাঁর অণ্ডকোষ সজোরে চেপে ধরেন।
এই আকস্মিক ও বর্বরোচিত হামলায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কাইয়ুম। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য রাত আটটার দিকে তাঁকে পুনরায় এপিক হেলথ কেয়ারে নিয়ে আসা হয়।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত ডা. জাস্টিন ক্লাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, 'এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি আমার জানা নেই।' পরবর্তীতে তিনি প্রতিবেদকের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, 'আপনি কি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? কিছু জানার থাকলে ওনাদের কাছেই জিজ্ঞেস করেন।'
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন এপিক হেলথ কেয়ারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, নারী কর্মীদের উপস্থিতিতেই কাইয়ুম নামের ওই ক্যান্টিন কর্মীর ওপর অমানবিক এই শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। একজন চিকিৎসকের কাছ থেকে এমন বিকৃত ও অগ্রহণযোগ্য আচরণ কিছুতেই কাম্য নয়।
ওই কর্মকর্তা আরও জানান, বর্তমানে ভুক্তভোগী কাইয়ুমের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও চোখের সামনে ঘটে যাওয়া এই অবমাননাকর ঘটনায় তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন এবং চরম অপদস্থ বোধ করছেন। ঘটনার সময় তিনি নিজে একটি মিটিংয়ে ব্যস্ত ছিলেন জানিয়ে ওই কর্মকর্তা আরো বলেন, পরে ভুক্তভোগী কর্মী নিজে এসে তাঁকে পুরো বিষয়টি জানান।
Comments