হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে মঞ্চে আসছে ‘চাঁদনি পসরে’
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তাঁর সাহিত্যকর্মে ব্যবহৃত গানের সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ শ্রুতি প্রযোজনা 'চাঁদনি পসরে'। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
কথার জাদুকর হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক আবৃত্তি সংগঠন 'স্বরকল্পন আবৃত্তিচক্র' ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের অধিকর্তা শহীদূল হক মিল্কী।
অনুষ্ঠানটির নির্দেশনায় রয়েছেন নির্মাতা জাহিদুর রহমান। আয়োজকদের পরিকল্পনায় হুমায়ূন আহমেদের ছোটগল্পের সাহিত্যিক আবেদন এবং তাঁর লেখায় ব্যবহৃত গানের আবহকে আবৃত্তি ও শ্রুতিনির্ভর পরিবেশনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরা হবে। আবৃত্তিঅঙ্গনে হুমায়ান আহমেদ এর গল্প নিয়ে শ্রুতি প্রযোজনা এই প্রথম।
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ এক অনন্য নাম। সহজ ভাষায় গভীর জীবনবোধ, মানবিক সম্পর্ক, প্রেম, বিরহ, প্রকৃতি ও মানুষের মনোজগতের সূক্ষ্ম অনুভূতি তুলে ধরার অসাধারণ ক্ষমতা তাঁকে পাঠকের হৃদয়ে বিশেষ স্থান দিয়েছে। তাঁর গল্পের চরিত্র, সংলাপ ও জীবনঘনিষ্ঠ বর্ণনা আজও পাঠক ও দর্শককে সমানভাবে আকৃষ্ট করে। তাঁর সাহিত্যকর্মকে আবৃত্তি ও সংগীতের সম্মিলিত পরিবেশনায় নতুনভাবে উপস্থাপনের মধ্য দিয়ে সাহিত্যপ্রেমীদের জন্য তৈরি হবে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক আবহ।
আয়োজক সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র মনে করে, এ আয়োজনের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে এবং আবৃত্তিচর্চার পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
Comments