ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গুরোগী।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টা সময়সীমায় ডেঙ্গুতে মারা যাওয়া ৮ জনের মধ্যে ৭ জনই ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) এবং ১ জন খুলনা বিভাগের বাসিন্দা।
চলতি বছরে ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী: চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জন।র দেশে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন সর্বমোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী।
বিশেষজ্ঞরা ডেঙ্গুর বিস্তার রোধে ঘরবাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং মশার উৎপত্তিস্থল ধ্বংস করার ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।
Comments