আইইবি নির্বাচন ১২ নভেম্বর: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রকৌশলীদের সংগঠনের কাছে প্রত্যাশা
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর, বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটের আগে প্রকৌশলীদের পেশাগত অধিকার, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষতা উন্নয়নের প্রশ্ন আলোচনায় এসেছে।
১৯৪৮ সালে নিবন্ধিত আইইবি দেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠনগুলোর একটি। সংগঠনটির নিজস্ব তথ্য অনুযায়ী, এর সদস্যসংখ্যা ৫৮ হাজারের বেশি। প্রকৌশলীদের পেশাগত স্বার্থ ও কল্যাণ রক্ষা এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময় সংগঠনটির মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয়করণ ও ডিজিটাল রূপান্তর সফটওয়্যার, উৎপাদন, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে কাজের ধরন বদলে দিচ্ছে। একই সঙ্গে সাইবার হামলা, তথ্যফাঁস ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এ প্রেক্ষাপটে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি এবং নীতি আলোচনায় তাঁদের মতামত তুলে ধরার ক্ষেত্রে পেশাজীবী সংগঠনের ভূমিকা প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
এবারের নির্বাচনে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন এবং উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সদস্য পদে প্রার্থী হয়েছেন প্রকৌশলী শারমিন খান ঊর্মি। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। প্রযুক্তি খাত, শিক্ষকতা ও প্রশিক্ষণে তাঁর ১৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।
নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, "দীর্ঘ ১৫ বছরের বেশি সময় প্রযুক্তি শিল্প, নেতৃত্ব, প্রশিক্ষণ, শিক্ষকতা এবং কমিউনিটি উন্নয়ন নিয়ে কাজ করতে গিয়ে আমি খুব কাছ থেকে দেখেছি আমাদের প্রকৌশলীদের মেধা, দক্ষতা ও সম্ভাবনা কতটা ব্যাপক। একই সঙ্গে দেখেছি বৈষম্য, সুযোগের অভাব, সঠিক মূল্যায়নের ঘাটতি, শিল্প ও শিক্ষা অঙ্গনের ব্যবধান এবং কার্যকর প্রকৌশল ইকোসিস্টেমের সীমাবদ্ধতা।"
তাঁর মতে, ব্যক্তিগত উদ্যোগে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি বলেন, "অনেক সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন প্রাতিষ্ঠানিক সহযোগিতা, নীতিগত পরিবর্তন এবং জাতীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ।"
প্রযুক্তির পরিবর্তন প্রসঙ্গে শারমিন খান ঊর্মি বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে অনেক প্রচলিত কাজের ধরন পরিবর্তিত হবে। কিছু ক্ষেত্রে কর্মসংস্থান সংকুচিত হতে পারে, আবার নতুন দক্ষতা ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।" তাঁর ভাষায়, "বাংলাদেশ যদি সময়মতো দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা এবং দেশীয় প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ না করে, তাহলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে।"
তাঁর পরিকল্পনায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ, মেন্টরশিপ ও ক্যারিয়ার উন্নয়ন, শিল্প ও শিক্ষা অঙ্গনের সহযোগিতা এবং আইইবিতে স্বচ্ছতা ও নিয়মিত অগ্রগতি প্রতিবেদনের মতো বিষয়।
জবাবদিহির প্রশ্নে তিনি বলেন, "আমাদের প্রকৌশল কমিউনিটিকে শক্তিশালী করতে হলে শুধু সমস্যা নিয়ে আলোচনা করলেই হবে না, বাস্তব উদ্যোগ নিতে হবে।" তিনি আরও বলেন, "একজন মানুষের পক্ষে সব পরিবর্তন আনা সম্ভব নয়। প্রয়োজন সব প্রকৌশলীর সম্মিলিত অংশগ্রহণ, সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্ব।"
প্রকৌশল পেশায় নারীর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হিসাবে, বিশ্বে প্রকৌশল স্নাতকদের ২৮ শতাংশ নারী। কিন্তু প্রকৌশল কর্মীবাহিনীতে তাঁদের হার আনুমানিক ১৬ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ শিক্ষাঙ্গন থেকে কর্মজীবনে যাওয়ার পথে নারীর একটি বড় অংশ হারিয়ে যান।
শারমিন খান ঊর্মির পরিকল্পনায় নারী প্রকৌশলীদের জন্য নেতৃত্ব বিকাশ, পেশাগত নেটওয়ার্কিং, মেন্টরশিপ, নিরাপদ কর্মপরিবেশ এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ রয়েছে।
তবে এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য আইইবির সংশ্লিষ্ট কমিটি, সদস্য, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীজনের সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে।
Comments