শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদনের খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিষয়টি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আবেদনটির কোনো আইনগত ভিত্তি আছে কি না এবং দণ্ডিত কোনো আসামির এ ধরনের আবেদন করার অধিকার রয়েছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।
আজ সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদনের খবরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।'
তিনি আরও বলেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং এর কোনো আইনগত ভিত্তি আছে কি না, তা পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে।
এদিকে, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।'
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও যোগ করেন, 'বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।'
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন—এমন একটি খবর সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত হয়।
Comments