ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম পুনরায় সদর উপজেলার অন্তর্ভুক্ত করার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করছেন তারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এ দুই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। আটকা পড়েছে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস। নিরাপত্তার কারণে কক্সবাজারগামী বিরতিহীন পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম বিচ্ছিন্ন করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল। পরে ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় ৪ জুন।
এ সিদ্ধান্তের প্রতিবাদে শুরু থেকেই আন্দোলন করে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। তবে তাদের দাবি আমলে নেওয়া হয়নি। এরই মধ্যে বাসুদেব, সুলতানপুর ও রামরাইল সদর উপজেলার এই তিনটি ইউনিয়ন ভেঙে আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে 'বরিশল' নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে এসেছে।
স্থানীয়দের দাবি, জেলা বিএনপি নেতা কবির আহমেদ আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে দাপ্তরিক চিঠিও পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়।
এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Comments