আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগকে বাংলাদেশে পুনরায় রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, দলটি ক্ষমতায় থাকাকালে হত্যা, গণহত্যা, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল। এসব ঘটনার জন্য দলটি এখনো ক্ষমা চায়নি কিংবা অনুশোচনা প্রকাশ করেনি।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের সময় অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা দেশের পক্ষে ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিলেন। এ আন্দোলনে নেতৃত্ব দেন সংগঠনটির আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছিল। আর ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর সংগ্রাম করতে হয়েছে। এ সময়ে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকে প্রাণ দিয়েছেন। তাঁদের সবার পরিচয় কিংবা কবরের সন্ধান এখনো পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া বিগত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। নিজেও গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে ফিরেছেন।
এ সময় গত কয়েক বছরে প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি প্রশ্ন রাখেন, এত ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের পরও কি দেশে আবার ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন দেখতে চান জনগণ? তাঁর অভিযোগ, তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনেও ফ্যাসিবাদী শক্তির ইন্ধন রয়েছে।
বক্তব্যে কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের সমালোচনাও করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কিছু দল ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করলেও তাদের নির্বাচনী ইশতেহার ও দলীয় নীতিতে ইসলামী শাসনব্যবস্থার প্রতিফলন নেই। তাদের বক্তব্যের সঙ্গে দলীয় ঘোষণাপত্রের অসংগতি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এসব দল শরিয়াভিত্তিক আইন ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কথা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেনি। বরং শরিয়াভিত্তিক শাসনের বিরোধিতা করেছে।
অন্যদিকে নিজেদের রাজনৈতিক আদর্শ তুলে ধরে তিনি বলেন, তাঁরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, সব ধর্ম ও জনগোষ্ঠীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান তাঁরা।
দেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করছে, তাদের কর্মকাণ্ডে প্রকৃত ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নেই। বরং তাদের রাজনীতি সমাজে বিভেদ ও অস্থিরতা বাড়াচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুনগর মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ দেশের বিভিন্ন এলাকার আলেম-ওলামারা।
Comments