ফ্যাসিবাদের পথে যেতে যা যা করা দরকার বিএনপি তাই করছে: জামায়াত আমির
ক্ষমতাসীন বিএনপি সরকার ফ্যাসিবাদী ও একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি ফের কর্তৃত্ববাদী শাসন কায়েম করার চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, "ফ্যাসিবাদের পথে যেতে যা যা করা প্রয়োজন, তার সবই করছে বিএনপি। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয়করণ চলছে।" বিরোধী দল সংসদ কার্যকর করতে চাইলেও সরকারের পক্ষ থেকে তাতে কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ এক ধরণের ভাইরাস। বিএনপি বর্তমানে 'বাকশালী' পথেই হাঁটছে। তাদের মনে রাখা উচিত, ইতিহাসের বাঁক ঘুরে বিপ্লব বারবার ফিরে আসে; অতীত সরকারের পরিণতি থেকেও তাদের শিক্ষা নেওয়া উচিত।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ সংবিধান সংশোধনের পক্ষে নয়, বরং সংস্কারের পক্ষে রায় দিয়েছে। অতীতে যেমন বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিতে হয়েছিল, তেমনি জনগণের দেওয়া সংস্কারের রায়ও মেনে নিতে হবে। এ সময় স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যার সূচনা আওয়ামী লীগ করেছিল বলেও মন্তব্য করেন তিনি। দেশকে আধিপত্যবাদের কালো ছায়া থেকে মুক্ত রাখতে জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।
সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাকশালী কায়দায় সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে। একদলীয় শাসন কায়েমের পথ থেকে বিএনপি সরে না এলে এই সরকারেরও অনাকাঙ্ক্ষিত পতন ঘটতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।
Comments