জামিনের আবেদন নিয়ে সিএমএম আদালতে পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার কথা রয়েছে তাঁর।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটিতে পরীমনির জামিন বাতিল করেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমনি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। আবেদনে জানানো হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি তাঁর।
তবে এই আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। তাঁর অভিযোগ, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময় চাইছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। পাশাপাশি তাঁর জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
এর আগে বুধবার পরীমনির আইনজীবী জানিয়েছিলেন, পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তাঁর মক্কেল। এ সময় জামিন পাওয়ার ব্যাপারেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়, ওই দিন ঢাকার বোট ক্লাবে কথাকাটাকাটির একপর্যায়ে পরীমনি তাঁকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হন বলে মামলায় দাবি করা হয়েছে।
Comments