পোশাকশিল্পে শ্রমিকদের বেতন কাঠামো দ্রুত পুনর্বিন্যাসের আহ্বান বিরোধীদলীয় নেতার
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ দ্রুত নিরসনের লক্ষ্যে শ্রমিকদের বেতন কাঠামো অবিলম্বে পুনর্বিন্যাসের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
'শিল্প বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে' ভিডিও বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, 'শিল্প বাঁচলে দেশ বাঁচবে—এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত গ্রহণে যত বেশি বিলম্ব হবে, দেশের রপ্তানি খাতের ক্ষতি ততই বাড়তে থাকবে।'
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বেতন-ভাতা ও অন্যান্য যৌক্তিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলনের কারণে ইতিমধ্যে অনেক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ এবং কয়েকটি স্থানে অনাকাঙ্ক্ষিত ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সুযোগসন্ধানীরা যাতে কোনো ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
পোশাকশিল্পকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, 'এই খাতটি যদি বড় কোনো বিপর্যয়ের মুখে পড়ে, তবে দেশের পুরো অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আমরা আশা করেছিলাম সরকার এই সমস্যার দ্রুত ও যৌক্তিক সমাধানে এগিয়ে আসবে, কিন্তু দুঃখজনকভাবে সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।'
বর্তমান বাজারদরের সঙ্গে শ্রমিকদের বেতনের অসামঞ্জস্যতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, 'নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের পক্ষে জীবন ধারণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকদের এই বাস্তবসম্মত দাবিগুলো বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিক—উভয়পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা উচিত ছিল।'
পোশাকশ্রমিকদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, 'আপনাদের কর্মসংস্থানের প্রতিষ্ঠানগুলো আপনারা বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের প্রতিটি ন্যায্য অধিকারের পক্ষে রয়েছি। মনে রাখবেন, শিল্প বেঁচে থাকলেই কেবল আপনারাও নিরাপদে বেঁচে থাকতে পারবেন।'
একই সঙ্গে মালিকপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করুন। তাদের সুখ-দুঃখের কথা ভাবুন, তাহলে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ ও জটিল সমস্যার সমাধান অনেক সহজ হয়ে যাবে।'
গাজীপুরের শ্রীপুরে গাইবান্ধার তৌফিক নামের এক পোশাক শ্রমিককে নির্মমভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহত তৌফিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিশেষে, ক্ষয়ক্ষতির মাত্রা আর না বাড়িয়ে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির সব সুযোগ বন্ধ করতে সরকারকে অবিলম্বে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
Comments