নাসির উদ্দিন হত্যাচেষ্টা মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই আদেশ দেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 'পরীমনির তীব্র এলার্জিজনিত সমস্যার কারণে আজ আদালতে সশরীরে উপস্থিত হতে পারেননি। এজন্য আমরা সময়ের আবেদন জানিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করার প্রার্থনা করেছিলাম। কিন্তু আদালত আমাদের সেই আবেদন নামঞ্জুর করে আমার মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।'
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, মামলার এই দিনটিতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। মামলার বাদী আদালতে সশরীরে উপস্থিত হয়ে আসামির জামিন বাতিলের প্রার্থনা করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতে শুনানি শেষে আদালত পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
আদালতে দাখিল করা সময়ের আবেদনে আইনজীবী নীলাঞ্জনা রিফাত উল্লেখ করেছিলেন, আসামি পরীমণি এলার্জিজনিত কারণে মারাত্মক অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন। তাই ন্যায়বিচারের স্বার্থে সময়ের আবেদন মঞ্জুর করা না হলে আসামির অপূরণীয় ক্ষতি হতে পারে। তবে আদালত সেই আবেদন আমলে নেননি।
২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০২১ সালের ৯ জুন মধ্যরাতে আসামিরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন এবং বাদীকে বিনা মূল্যে দামি অ্যালকোহলের বোতল পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। বাদী এতে রাজি না হলে পরীমণি ক্ষিপ্ত হয়ে তাকে গালমন্দ করেন এবং একপর্যায়ে বাদীকে লক্ষ্য করে গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় ও বুকে আঘাত পান এবং আসামিরা তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন।
দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ২০২৪ সালের ১৮ মার্চ পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তবে মামলার অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে গত বছর (২০২৫ সালের) ২৬ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জগঠন) করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন একই আদালত।
উল্লেখ্য, একই ঘটনার জের ধরে পরবর্তীতে চিত্রনায়িকা পরীমণি নিজে বাদী হয়ে সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিনসহ দুজনকে আসামি করে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছিলেন, যা বর্তমানে ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
Comments