একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, যাচাইয়ের জন্য স্থগিত চারটি
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে আরও পর্যালোচনার প্রয়োজন থাকায় চারটি প্রকল্পের অনুমোদন আপাতত স্থগিত রাখা হয়েছে।
স্থগিত প্রকল্পগুলোর তালিকায় রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন। এ ছাড়া প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি) ইন সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ এবং মেট্রো ঢাকা: ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পও রয়েছে। এসব প্রকল্প আরও যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ অক্টোবর একনেকের বৈঠক হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
বৈঠকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্প। এ ছাড়া তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খননের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন নিশ্চিতকরণ এবং দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখননের প্রথম পর্যায়ের কাজও অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় বি-টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ, জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ এবং গ্রামীণ সড়কে ১৫ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
একনেকে অবহিত করা হয়েছে যেসব প্রকল্প
৫০ কোটি টাকার কম ব্যয়ের কয়েকটি উন্নয়ন প্রকল্প অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন দিয়েছেন। নিয়ম অনুযায়ী, এসব প্রকল্পের বিষয়ে একনেকের বৈঠকে সদস্যদের অবহিত করা হয়েছে।
এ তালিকায় রয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসাসেবার আধুনিকায়ন। পাশাপাশি শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সড়ক নিরাপত্তা বাড়ানো এবং ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পও রয়েছে।
Comments