তাহসিফ সাউরি হত্যা মামলা: বান্ধবী দিশা ফের ৩ দিনের রিমান্ডে
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশার ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোরালো দাবি জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, প্রথম দফার চার দিনের রিমান্ডে আসামি দিশা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় তিনি অনেক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। এছাড়া মামলার আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে থাকায়, দিশা ও দীপের বক্তব্য ক্রস-চেক (যাচাই-বাছাই) করা অত্যন্ত জরুরি।
তদন্ত কর্মকর্তার দেওয়া রিমান্ড আবেদনের ৭টি প্রধান কারণ হলো: ১. ঘটনার দিন তাহসিফ সাউরির সাথে উত্তরা ১৮ নম্বর সেক্টরের 'সিপি ফাইভ স্টার' ফাস্টফুডে স্ন্যাকস খাওয়ার সময় কোনো আবেগপ্রবণ কথাবার্তা বা বাক-বিতণ্ডা হয়েছিল কি না, তা যাচাই করা। ২. ঘটনার দিন উত্তরা 'নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট'-এ তাদের মধ্যে কোনো কথাকাটাকাটি বা বাক-বিতণ্ডা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা। ৩. ঘটনার দিন বা তার আগে উভয়ের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন চলছিল কি না, তা নিশ্চিত হওয়া। ৪. মামলার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন। ৫. ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার। ৬. মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার। ৭. আসামি দিশা ও দীপের দেওয়া বক্তব্য একে অপরের সাথে মিলিয়ে (ক্রস-চেক) দেখা।
গত শনিবার (৩১ অক্টোবর) রাত ২টার দিকে রাজধানীর কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় 'ভিডিও ধারণকারী' হিসেবে আলোচনায় আসা সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির ভাসমান মরদেহ গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগের দিন ২৭ অক্টোবর সন্ধ্যায় 'দীপের ডাকে' বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তাহসিফ।
পরবর্তীতে ২৯ অক্টোবর দীপ দাবি করেছিলেন যে, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাহসিফের কাছ থেকে তিনি আলাদা হয়ে যান। তিন দিন পেরিয়ে গেলেও কোনো মামলা না হওয়ার একপর্যায়ে ৩০ অক্টোবর রাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই রাতেই তাহসিফের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে চার দিনের রিমান্ড শেষে আজ বুধবার দীপকেও আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
দীপের দেওয়া তথ্যের ভিত্তিতেই গত ৩০ অক্টোবর সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের নিখোঁজ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 'মাদকস্পট' হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করেছিলেন দীপ।
Comments