‘এবার স্পেস লেজার কাজ করেনি’, রিপাবলিকানদের হার নিয়ে ইলন মাস্কের রসিকতা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের ভরাডুবির পর নিজের 'নির্বাচনে হস্তক্ষেপকারী মহাকাশের লেজার' নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এর আগে নির্বাচনের দিন তিনি ভোটারদের রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার প্রকাশ্য আহ্বান জানিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা এক পোস্টে মাস্ক লিখেছেন, 'মনে হচ্ছে, এবার আমার নির্বাচনে হস্তক্ষেপকারী মহাকাশের লেজারগুলো কাজ করেনি।'
এর মাত্র কয়েক ঘণ্টা আগে আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, 'আজ লালকে ভোট দিন!' উল্লেখ্য, মার্কিন রাজনীতিতে 'লাল' রংটি রিপাবলিকান পার্টির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি দুই বছরের জন্য কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নির্ধারণকারী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের দিনই মাস্ক এমন আহ্বান জানিয়েছিলেন। এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর প্রেসিডেন্ট ট্রাম্প ফল মেনে নেওয়ার কথা জানান।
ভোটারদের মনোভাব ও রেকর্ড নির্বাচনি ব্যয় গত অক্টোবরে 'এপি-নরসের' এক জরিপে উঠে এসেছিল যে, প্রায় অর্ধেক মার্কিন ভোটার দেশ পরিচালনার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন দেখতে চান। এছাড়া প্রায় ৩০ শতাংশ ভোটার চান পুরো ব্যবস্থায় আমূল পরিবর্তন। অন্যদিকে, প্রতি ১০ জনের মধ্যে মাত্র দুজন ছোটখাটো পরিবর্তন অথবা কোনো পরিবর্তনই চান না বলে মত দিয়েছিলেন।
বিশ্লেষকদের মতে, এবারের মধ্যবর্তী নির্বাচন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা 'ওপেনসিক্রেটস'-এর হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ব্যয়ের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। নির্বাচনি প্রচারণায় এই বিপুল পরিমাণ অর্থের একটি বড় অংশ এসেছে 'সুপার পিএসি' (Super PAC) নামক রাজনৈতিক তহবিল থেকে, যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনগুলোতে নিজ পক্ষের প্রার্থীদের বিজয়ী করতে পানির মতো অর্থ ব্যয় করেছে।
টেক্সাসে মাস্কের বড় ধাক্কা ও ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয় বিবিসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ব্যক্তিগত দাতাদের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীদের প্রচারণায় তিনি প্রায় ৫০ কোটি ডলার ঢেলেছিলেন। বিশেষ করে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাস অঙ্গরাজ্যে প্রার্থীদের সমর্থনে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছিলেন তিনি।
তবে মাস্কের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে টেক্সাসের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও ট্রাম্পের ঘনিষ্ট মিত্র—টেক্সাসের তৎকালীন অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৮ বছর পর টেক্সাসের ওই আসনে ডেমোক্র্যাটরা তাদের দীর্ঘ পরাজয়ের ধারার অবসান ঘটিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করল।
Comments