ঢাকায় সাফ ফুটবল, উত্তাপ নেই কোথাও
এক দিন পর দেশের মাঠে 'দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ' হিসেবে পরিচিত সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু এত বড় টুর্নামেন্ট যে আয়োজন হতে যাচ্ছে, আদৌ কি ঢাকায় সেটার কোনো উত্তাপ টের পাওয়া যাচ্ছে?
এখনকার সময়ে একটা ক্রীড়া আয়োজন জমিয়ে তুলতে চমকে দেওয়া সব উদ্যোগ নিয়ে থাকে আয়োজকেরা। অথচ ঢাকার মাঠে হতে যাওয়া সাফের উত্তাপের আঁচ টের পাওয়া যাচ্ছে না সেভাবে।
নেই ব্যানার-প্ল্যাকার্ড, কাল পর্যন্ত জানা যায়নি ট্রফি উন্মোচনের খবর, থিম সংয়ের ব্যাপক প্রচার কোথায়, ডিজিটাল মাধ্যমে আয়োজন চোখে পড়ে না, টিকিট বিক্রিতে ভাটা-কে বলবে ৮ বছর পর আবারও সাফের আয়োজক বাংলাদেশ।
সাফ নিয়ে উন্মাদনা যেমনই থাকুক, এরই মধ্যে দলগুলো আসতে শুরু করেছে ঢাকায়। দক্ষিণ এশীয় ফুটবলের বৃহৎ এই আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশও। তবে কতটা প্রস্তুত বাংলাদেশ দল?
বাংলাদেশ উৎসবের অপেক্ষায় থাকলেও আয়োজনের প্রচার-প্রচারণা নিয়ে হতাশ দেশের ফুটবলপ্রেমীরা। অথচ এক দিন পরই টুর্নামেন্ট শুরু। সব সীমাবদ্ধতা ও সমালোচনার মধ্যেই শুরু হতে যাচ্ছে টুর্নামেন্ট। একদিকে ঘরের মাঠে সাফল্যের প্রত্যাশা, আরেক দিকে প্রত্যাশার বাস্তবায়নের লড়াই। সব মিলিয়ে ফুটবল-উৎসবের রং কতটা ছড়াতে পারে, সেটাই দেখার অপেক্ষা।
Comments