যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ডেমোক্র্যাটদের অভিনন্দন জানাল ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয়ের পর প্রতিদ্বন্দ্বী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে দলটির পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা ভালো করেছে। একই সঙ্গে ভোটে রিপাবলিকানদের পিছিয়ে পড়ার পেছনে ইরান যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব রয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।
ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলেন ট্রাম্প। এ সময় ডেমোক্র্যাটদের সাফল্যে নিজের বিস্ময়ের কথা জানান তিনি। ট্রাম্প বলেন, রিপাবলিকানরা নির্বাচনী প্রচারে বড় বড় সমাবেশ করলেও শেষ পর্যন্ত ভোটের ফল প্রত্যাশা অনুযায়ী আসেনি।
নির্বাচনে দলের পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জ্বালানির বাড়তি দামের বিষয়টি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, জ্বালানির ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে ভোটের ফলাফলে। তবে এই পরাজয়কে নিজের প্রশাসনের জন্য বড় কোনো বিপর্যয় হিসেবে দেখছেন না তিনি।
নির্বাচনের পর কংগ্রেসে আইন প্রণয়নের বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। তবে ভোটের ফলাফলের কারণে মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে ইরান পরিস্থিতি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের পদক্ষেপ নিতে হতে পারে। প্রয়োজনে শক্তিশালী সামরিক হামলার পথও খোলা রয়েছে। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দেন ট্রাম্প।
কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ, দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এখন আইন প্রণয়নে ডেমোক্র্যাটদের কর্তৃত্ব বাড়বে। এর ফলে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতিগত পরিকল্পনা বাস্তবায়নে বাধা তৈরি হতে পারে। নতুন রাজনৈতিক বাস্তবতায় আইন পাস ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিরোধী দলের সঙ্গে সমঝোতা করতে হতে পারে রিপাবলিকান প্রেসিডেন্টকে।
Comments