তৈরি পোশাক খাতের নতুন মজুরি বোর্ডের প্রথম সভা আজ
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের নিজস্ব কার্যালয়ে এই সভাটি বসার কথা রয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভাটি মূলত আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা নির্ধারিত থাকলেও পরবর্তীতে সময় পরিবর্তন করে সকাল ১১টায় নির্ধারণ করা হয়। তবে একই দিনে সুপারশপের শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য আরেকটি বোর্ডের সভা আহ্বান করা হলেও, তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশের পোশাক খাতের শ্রমঅসন্তোষ ও মজুরি বিষয়ে আলোচনা করেন। সে সময় চলতি মাসের মধ্যেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বুধবারের মধ্যেই মজুরি বোর্ডের সভা ডাকার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
গত রোববার (১ নভেম্বর) তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের নতুন মজুরি পুনর্নির্ধারণের জন্য ৬ সদস্যের একটি 'নিম্নতম মজুরি বোর্ড' গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
-
চেয়ারম্যান: সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
-
মালিকপক্ষের প্রতিনিধি: বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
-
শ্রমিকপক্ষের প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।
-
নিরপেক্ষ সদস্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
এই বোর্ড পোশাক খাতের সব পদের শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ প্রণয়ন করবে। বোর্ডের এই সুপারিশের আলোকেই সরকার নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করবে।
সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক খাতের শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা কার্যকর হয় পরের বছরের জানুয়ারি থেকে। প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণত প্রতি ৫ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণ করা হলেও, গত ১০ এপ্রিল সংশোধিত শ্রম আইন সংসদে পাস হওয়ার পর এই সময়সীমা কমিয়ে ৩ বছর করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি কাঠামো নিয়ে কাজ শুরু করেছে বর্তমান বোর্ড।
Comments