নওগাঁর পত্নীতলায় খড়বোঝাই ট্রাকে আগুন
নওগাঁর পত্নীতলায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে একটি খড়বোঝাই ট্রাকে আগুন লেগেছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলার আগ্রাদ্বিগুণ বিওপি থেকে ১৫০ গজ উত্তরে তালান্দার মোড়ে এ ঘটনা হয়।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, ট্রাকটি আগ্রাদ্বিগুণ থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে তালান্দার মোড়ে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ট্রাকে থাকা খড়ে আগুন লেগে যায়।
ঘটনা দেখতে পেয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আগ্রাদ্বিগুণ বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। বিওপি কমান্ডার বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ককে জানালে তার নির্দেশে বিওপিতে থাকা ফায়ার এক্সটিংগুইশার ও পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে ট্রাকের কিছু খড় পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ট্রাকটি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Comments