মাদ্রাসায় হামলা: চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ শাহজালাল রুমিকে
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালতে জামিন আবেদনের শুনানিতে আসামিপক্ষে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
এর আগে শিশু হয়রানির অভিযোগের জেরে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে শাহজালাল রুমির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। পরবর্তীতে গত ২৬ অক্টোবর তাঁর পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ শুনানি শেষে আদালত তাঁকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, আদালতের এই আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Comments