মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন ও যান চলাচল শুরু
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যকার সংঘর্ষের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে। সকালের দিকে তীব্র উত্তেজনা ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার স্বাভাবিক ছন্দ ফিরে এসেছে। বর্তমানে মিরপুর-১০ ও ১১ নম্বর সেকশন এলাকায় যানবাহন চলাচল এবং জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় গণপরিবহনসহ অন্যান্য যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। সাধারণ মানুষের উপস্থিতিও স্বাভাবিকের তুলনায় বেড়েছে এবং এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। এর আগে সকালের দিকে নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা মিরপুর-১১ নম্বর মেট্রো রেলস্টেশনটি বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে মিরপুরের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে দুপুর ১টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি দল অবস্থান নেয়। তাঁরা জানান, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ধরনের অপচেষ্টা ও চক্রান্ত প্রতিহত করতেই তাঁরা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
উল্লেখ্য, এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে মিরপুর-১০, ১১ ও পল্লবী এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বেলা পৌনে ১২টার পর থেকে পরিবেশ শান্ত হতে শুরু করে।
Comments