নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামের বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মৃত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় জানান, জাকির হোসেন নবাব একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত বছর থেকে এই কারাগারে বন্দি ছিলেন। আজ মঙ্গলবার সকালে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে হাসপাতালে নেওয়ার পথেই বেলা পৌনে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
জেল সুপার আরও জানান, আইনি প্রক্রিয়া অনুযায়ী সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর নিহতের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Comments