আজ ৩ নভেম্বর—ঐতিহাসিক জেলহত্যা দিবস
আজ পালিত হচ্ছে জাতির ইতিহাসের অন্যতম কালো অধ্যায়—জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতা— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে।
জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ২১ বছর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এই মামলার কার্যক্রম স্থগিত ছিল। পরবর্তীতে ১৯৯৬ সালের জুনে মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ২০ অক্টোবর (ঘটনার ২৯ বছর পর) ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
বিচারিক আদালতের রায়ে রিসালদার মোসলেমউদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) এবং এলডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদসহ মোট ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।
Comments