টানা ২ বছর এইচএসসি'তে শূন্য পাস মেরন সান কলেজে!
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় টানা দুই বছর কোনো শিক্ষার্থী পাস করেনি মেরন সান কলেজে। গত বছরও প্রতিষ্ঠানটির ফল ছিল শূন্য। এক বছর পর এবারও একই চিত্র।
বোর্ডের কলেজভিত্তিক ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার মেরন সান কলেজসহ তিনটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। অন্য দুটি প্রতিষ্ঠান হলো সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
গত বছর শূন্য পাস করা কলেজের সংখ্যা ছিল পাঁচটি। সে হিসাবে এবার এমন কলেজের সংখ্যা কমেছে দুটি। তবে মেরন সান কলেজের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। টানা দুই বছর প্রতিষ্ঠানটির কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২৮৩টি কলেজের মধ্যে শতভাগ পাস করেছে ছয়টি। গত বছর এ সংখ্যা ছিল আটটি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো হলো বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, কোয়ান্টাম কসমো কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, রায় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং লিডসি স্কুল অ্যান্ড কলেজ।
এসব কলেজ থেকে যথাক্রমে ১৩৪, ৪৪, ৬০, ১৭, ৬ ও ৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। কলেজভিত্তিক ফলাফলে ১৫৫টি প্রতিষ্ঠানের পাসের হার ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে। গত বছর এমন কলেজ ছিল ১৩৪টি। এ ছাড়া ১০টি কলেজে পাসের হার ১০ শতাংশের মধ্যে, গত বছর ছিল ছয়টি। ১০ থেকে ২০ শতাংশ পাসের হার রয়েছে ২৭টি কলেজে, গত বছর ছিল ৪২টি। আর ৫০ শতাংশের বেশি পাসের হার রয়েছে ৮২টি কলেজে, গত বছর ছিল ৮৬টি।
সব মিলিয়ে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ।
Comments