আগামী গ্রীষ্মের মধ্যে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী
আগামী গ্রীষ্ম মৌসুমের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) প্যানেলের মাধ্যমে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
আজ সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে দেশের ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই কথা জানান।
লোডশেডিং সহনীয় মাত্রায় রাখতে সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "এবারের গ্রীষ্মে দেশের সাধারণ মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, আগামী বছর যেন সেই কষ্ট আর না পোহাতে হয় কিংবা পেলেও তা যেন সম্পূর্ণ সহনীয় মাত্রায় থাকে, সে জন্য আমরা কাজ করছি। এই সমস্যার অন্যতম সহজ ও কার্যকর সমাধান হলো রুফটপ সোলার বা ছাদের ওপর সোলার প্যানেল স্থাপন।"
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে তাঁদের জীবনযাত্রাকে স্বস্তিদায়ক করাটাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, সরকার আন্তরিকভাবে চায় আগামী গ্রীষ্ম যেন সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক ও সহনীয় হয়। আর এই লক্ষ্য বাস্তবায়নেই নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও এর ব্যবহার প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
Comments