সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। আজ সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচনের তফসিল অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও এর শরিক জোটের মনোনীত প্রার্থী হিসেবে এলিজা জামান তাঁর মনোনয়নপত্র জমা দেন।
পরবর্তীতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর গত রবিবার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ে তিনি তা প্রত্যাহার না করায় 'জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪'-এর ধারা ১২-এর উপধারা (১) অনুযায়ী তাঁকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম জড়ায়। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে নির্বাচন কমিশন আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
Comments