যুব দিবসে কর্মসংস্থানের স্বপ্ন
'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি ঘিরে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে জব ফেয়ারের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে প্রায় ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান। এরমধ্যে ওয়ালটন, আবুল খায়ের গ্রুপ, ই-লার্নিং অ্যান্ড আর্নি লিমিটেড, অ্যাপেক্সসহ আরো অনেক প্রতিষ্ঠান জব ফেয়ারে অংশ নেয়।
কারও হাতে জীবনবৃত্তান্ত, কারও চোখে নতুন কর্মজীবনের স্বপ্ন। পছন্দের প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে সকাল থেকেই মেলায় ভিড় করছেন তরুণ-তরুণীরা। কেউ খুঁজছেন প্রথম চাকরি, কেউবা নিজের দক্ষতা ও যোগ্যতার সঙ্গে মানানসই কর্মক্ষেত্র।
চাকরিপ্রত্যাশীদের কাছে এ আয়োজন যেন সম্ভাবনার নতুন দুয়ার। তাঁদের প্রত্যাশা, এই জব ফেয়ারের মাধ্যমে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে তাঁদের মতে, এমন উদ্যোগ শুধু বছরে একবার নয়, আয়োজন করা উচিত প্রতি মাসেই। এতে চাকরিপ্রার্থীদের সুযোগ বাড়ার পাশাপাশি কমবে বেকারত্বের চাপ।
অন্যদিকে, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর লক্ষ্যও যোগ্য ও দক্ষ কর্মী খুঁজে পাওয়া। সরাসরি চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের দক্ষতা যাচাই এবং উপযুক্ত প্রার্থী বাছাইয়ের সুযোগ পাচ্ছে প্রতিষ্ঠানগুলো। এতে একদিকে যেমন প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট পূরণ হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বেকার যুবকদের।
তরুণরাই দেশের সম্ভাবনা, তাদের দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করা সময়ের দাবি। জাতীয় যুব দিবসের এই জব ফেয়ার সেই সম্ভাবনাকে কাজে লাগানোর একটি উদ্যোগ। তবে এক দিনের আয়োজনের বাইরে গিয়ে নিয়মিত এমন কর্মসংস্থান মেলার ব্যবস্থা করা গেলে উপকৃত হবেন আরও অনেক চাকরিপ্রত্যাশী তরুণ।
Comments