পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড গঠন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে সরকার। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, রোববারের মধ্যেই মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া কর্মীদের পুনরায় কাজে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পোশাকশ্রমিকরা। রোববার রাজধানীর মিরপুর ও গাজীপুরে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন তাঁরা। মিরপুরে অবরোধ তুলে দিতে পুলিশের উদ্যোগকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগের দিন শনিবারও মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কয়েকটি কারখানা ও মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। এ বিষয়ে সরকার এবং পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ একমত হয়েছে। পাশাপাশি শ্রমিক প্রতিনিধিরাও বোর্ডের জন্য তাঁদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন।
মন্ত্রী আরও জানান, রোববারের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।
Comments