সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত
সাবেক ডিবিপ্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর ধরা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা আদেশে তাঁকে চাকরি থেকে বরখাস্তের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হারুন অর রশীদ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনের সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত হন। তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইল ঠিকানায় একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কাজে যোগ দেননি।
এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। এমনকি সময় বাড়ানোর আবেদনও করেননি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযোগ তদন্তে গত ২২ জুন একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্ত শেষে ৬ আগস্ট জমা দেওয়া প্রতিবেদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে 'পলায়ন'-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপর গত ২০ আগস্ট তাঁকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে এবারও কোনো জবাব দেননি হারুন অর রশীদ।
পরবর্তী সময়ে তাঁকে চাকরি থেকে বরখাস্তের মতো গুরুদণ্ড দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত চাওয়া হয়। গত ১ অক্টোবর কমিশনও তাঁকে বরখাস্তের পক্ষে মত দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভাগীয় মামলার নথি, তদন্ত প্রতিবেদন ও সরকারি কর্ম কমিশনের সুপারিশ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি বরখাস্তের প্রস্তাব অনুমোদন করেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনটি জারি করেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
Comments