এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা এক মাসের মধ্যে
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এসব শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা আগামী এক মাসের মধ্যে আয়োজনের পরিকল্পনা করছে সরকার।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। আগামী এক মাসের মধ্যে এসব পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রচলিত নিয়মে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় বসতে হয়। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দিতে পারেন।
তবে এক বা দুই বিষয়ে ফেল করার কারণে একজন শিক্ষার্থীকে পুরো এক বছর অপেক্ষা করতে হয়। এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি তাদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হয়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত পুনরায় পরীক্ষার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
Comments